গাজীপুরে এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ

আধুনিক গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতার প্রত্যয় নিয়ে অনলাইন গণমাধ্যম এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার (১১ মে) দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক আলোচনা সভা ও দোয়া আয়োজন করা হয়। এশিয়া পোস্টের গাজীপুর প্রতিনিধি রেজাউল করিমের সভাপতিত্বে জেলার সিনিয়র সাংবাদিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
এ ছাড়া এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে গাজীপুরে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাই টিভি প্রতিনিধি মাহবুব আলম। বক্তব্য দেন প্রথম আলোর জেলা প্রতিনিধি মাসুদ রানা, মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক ফারদিন ফেরদৌস, দৈনিক দিনকালের প্রতিনিধি দেলোয়ার হোসেন, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মজিবুর রহমান, আমার দেশ ও এন টিভির প্রতিনিধি নাসির উদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি খায়রুল ইসলাম, ডিবিসি টেলিভিশনের সাংবাদিক মাহমুদা শিকদার, আগামীর সময়ের প্রতিনিধি আমিনুল ইসলাম, অধ্যাপক মুকুল কুমার মল্লিক প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন আগামীর সময়ের প্রতিনিধি আমিনুল ইসলাম। দোয়া শেষে উপস্থিত অতিথিদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এশিয়া পোস্ট গতানুগতিক অনলাইনের মতো হবে না, এটি তাদের উদ্দেশ্য এবং যাত্রা দেখে বোঝা যাচ্ছে। আধুনিক গণমাধ্যম ও বস্তুনিষ্ঠতা তাদের মূল লক্ষ্য হবে বলে আমাদের বিশ্বাস।
এদিকে গাজীপুর প্রেসক্লাবে উদ্বোধন অনুষ্ঠান ও দোয়া মাহফিল শেষে হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও অন্ধদের মধ্যে খাবার বিতরণ করা হয়। জয়দেবপুর রেলওয়ে জংশনের হতদরিদ্র, সুবিধাবঞ্চিত শিশু ও রেলওয়ের পাশে অবস্থিত প্রতিবন্ধী ও অন্ধদের মধ্যে এই খাবার বিতরণ করা হয়।