logo
Advertisement

রঙের কারখানায় ১০ বছর ধরে ইয়াবা তৈরি, কারিগর গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,কেরানীগঞ্জ
রঙের কারখানায় ১০ বছর ধরে ইয়াবা তৈরি, কারিগর গ্রেপ্তার
গ্রেপ্তার নাসির। ছবি : এশিয়া পোস্ট

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় একটি রঙের কারখানার আড়ালে পরিচালিত ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। অভিযানে ১৯ হাজার ইয়াবা, বিপুল পরিমাণ কাঁচামাল ও আধুনিক যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা তৈরির মূল কারিগরকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

Advertisement

সোমবার (৩ আগস্ট) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি মদিনানগর এলাকার মদিনা কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান এসব তথ্য জানান।

র‍্যাব জানায়, গ্রেপ্তার নাসির (২৮) ‘নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ নামের একটি রঙের কারখানার আড়ালে প্রায় ১০ বছর ধরে গোপনে ইয়াবা তৈরি করে আসছিল। কারখানাটিতে তৈরি ইয়াবা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হতো।

এর আগে, রোববার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের বসিলা থেকে ফয়সাল ইসলাম মিঠু নামের এক ইয়াবা কারবারিকে ১১ হাজার ইয়াবাসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মদিনা কমপ্লেক্সের দ্বিতীয়তলায় অভিযান চালায় র‍্যাব। সেখানে ১৯ হাজার ইয়াবা, রাসায়নিক উপাদান, ট্যাবলেট তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দসহ নাসিরকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির নিজেকে দক্ষ কেমিস্ট দাবি করে রাসায়নিকের সংমিশ্রণে ইয়াবা বানানোর কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় আরেকটি ইয়াবা কারখানার সন্ধান পায় র‍্যাব-১০। সেখান থেকে ১ হাজার ৯৬৮ বড়ি ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। এক সপ্তাহের ব্যবধানে কেরানীগঞ্জে দুটি ইয়াবা কারখানার সন্ধান পাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।