৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশায় প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ার মধ্যবর্তী গুরুত্বপূর্ণ নৌরুটে ফেরি চলাচল।
সোমবার (৯ মার্চ) সকাল ৮টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
এর আগে একই দিন ভোর ৫টা ১০ মিনিটের দিকে হঠাৎ ঘন কুয়াশা নেমে আসায় নৌপথে দৃষ্টিসীমা কমে যায়। এতে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে। প্রায় ২ ঘণ্টা ৫০ মিনিট ফেরি চলাচল বন্ধ থাকায় উভয়ঘাটে কয়েকটি ফেরি নিরাপত্তার জন্য নোঙর করে রাখা হয়।
এ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় কিছু সময়ের জন্য যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ থাকে। ফলে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটের দুই প্রান্তে যাত্রী ও যানবাহনের সাময়িক ভোগান্তি সৃষ্টি হয়।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে নৌপথে দৃষ্টিসীমা কমে যাওয়ায় ভোর ৫টা ১০ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশা কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়।
তিনি আরও বলেন, বর্তমানে এ নৌরুটে মোট ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে এবং নৌপথে চলাচল স্বাভাবিক রয়েছে।