logo

ফেসবুক পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট, এসএসসি পরীক্ষার্থীকে মারধর কিশোর গ্যাংয়ের

ফেসবুক পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট, এসএসসি পরীক্ষার্থীকে মারধর কিশোর গ্যাংয়ের
পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর কিশোর গ্যাংয়ের সদস্যরা তামিমকে মারধর করে। ছবি: ভিডিও থেকে নেওয়া

কুমিল্লার দেবীদ্বারে ফেসবুক পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে তামিম ইকবাল নামে এক এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে দেবীদ্বার উপজেলা পরিষদ গেটের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে হামলাকারীদের একজনের হাতে পিস্তল দেখা গেছে।

আহত তামিম ইকবাল উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ইফতেখার আহমেদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর সংঘবদ্ধ একটি কিশোর গ্যাং তামিমের পথরোধ করে। তারা অভিযোগ করে, কয়েক মাস আগে ফেসবুকের একটি পোস্টে তামিম ‘হা হা’ রিঅ্যাক্ট দিয়েছিল। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক কিশোরকে মারধরের পর কয়েকজন যুবক দৌড়ে পালিয়ে যাচ্ছে। এ সময় তাদের একজনের হাতে পিস্তল সদৃশ অস্ত্র দেখা যায়।

স্থানীয় ব্যবসায়ী মো. সাকিব বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই কিশোর গ্যাং সদস্যরা হামলা চালায়। অস্ত্র নিয়ে চলাফেরার কারণে মানুষ আতঙ্কে থাকে।

হামলার শিকার তামিম ইকবাল বলে, ‘আমি পরীক্ষা শেষ করে বের হওয়ার সঙ্গে সঙ্গে তারা আমাকে ঘিরে ধরে। বলে, আমি নাকি ফেসবুকে হা হা রিঅ্যাক্ট দিয়েছি। এরপর আমাকে মারধর করে। মাহিন নামে একজনের হাতে পিস্তল ছিল। প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে আসি।’

তবে এ ঘটনার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার ভিডিও সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। কিশোর গ্যাং দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না।