Advertisement

আসার কথা বলে নেতাকর্মীদের বের করবে, তারা গণপিটুনির শিকার হবে: হাসনাত আব্দুল্লাহ

এশিয়া পোস্ট নিউজ, মেহেরপুর
আসার কথা বলে নেতাকর্মীদের বের করবে, তারা গণপিটুনির শিকার হবে: হাসনাত আব্দুল্লাহ
মেহেরপুরে এনসিপির সমাবেশে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। ছবি: এশিয়া পোস্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না। ওখান থেকে আসার কথা বলে নেতাকর্মীদের বের করবে, আর তারা গণপিটুনির শিকার হবে।

সোমবার (২৭ জুলাই) রাতে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘একটি বৃহৎ দাবিদার দল ট্রাঙ্কভর্তি গোলাবারুদ, পার্শ্ববর্তী বিদেশি শক্তি কিংবা টাকা-পয়সা কোনো কিছু দিয়েই নিজেদের টিকিয়ে রাখতে পারেনি। তারা এখন টেলিগ্রাম লীগে পরিণত হয়েছে।’

বক্তব্যে তিনি শিক্ষামন্ত্রীরও সমালোচনা করেন। তরুণ প্রজন্মের বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার এবং কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমাদ।

এর আগে, এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গায় পদযাত্রা শেষে এনসিপির গাড়িবহর গাংনীতে পৌঁছায়। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সমাবেশ শেষে নেতারা কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন।

বিষয় :মেহেরপুর