জলপাই কুড়াতে গিয়ে পুকুরে পড়ে ২ বোনের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের পুকুরপাড়ে জলপাই কুড়াতে গিয়ে পানিতে পড়ে মামাতো ও ফুপাতো বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো রহমত আলীর মেয়ে রাইসা (৪) এবং তার ভগ্নিপতি মোহাম্মদ আলীর মেয়ে ফারিহা (৩)।
নিহত শিশুদের স্বজন ও পুলিশ জানায়, গত এক মাস আগে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমানের মেয়ে লিপি আক্তার বাবার বাড়িতে বেড়াতে আসেন এবং সেখানেই অবস্থান করছিলেন। শুক্রবার বিকেলে ফারিহা ও রাইসা বাড়ির বাইরে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরপাড়ে জলপাই গাছের নিচে জলপাই কুড়াতে যায়। পুকুরপাড়ের কাছাকাছি গেলে পাড় পিচ্ছিল হওয়ায় দুজনেই পানিতে পড়ে যায়।
দীর্ঘ সময় তারা বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাইসার মা ফাতেমা আক্তার পুকুরের পানিতে রাইসাকে ভাসতে দেখেন। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে গিয়ে প্রথমে রাইসাকে উদ্ধার করেন। পরে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় ফারিহাকেও উদ্ধার করা হয়। এরপর দুজনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, শিশুদের মরদেহ সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।


