logo

২৩ বছর পর দিলীপ হত্যা মামলার রায়, আসামির যাবজ্জীবন

২৩ বছর পর দিলীপ হত্যা মামলার রায়, আসামির যাবজ্জীবন
জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালত। ছবি : এশিয়া পোস্ট

জয়পুরহাটের পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মোজাম পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের মৃত সোলেমানের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ২০ মে রাতে পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামে দিলীপ কুমার মাঝিকে হত্যা করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, একই গ্রামের বাসিন্দা মোজাম বিভিন্ন সময়ে দিলীপের স্ত্রীকে কুপ্রস্তাব দিতেন। বিষয়টি দিলীপ ও তার পরিবারকে জানানো হলে মোজাম ক্ষুব্ধ হন। এর জেরে তিনি দিলীপকে মারধরও করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মামলার বিবরণে আরও বলা হয়, ঘটনার দিন রাতে দিলীপ ওয়াশরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে গেলে মোজাম এক সহযোগীকে নিয়ে তাদের ঘরে প্রবেশ করেন। এ সময় দিলীপের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পরে দিলীপ ঘরে ফিরলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর তার মরদেহ ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরদিন সকালে মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হলেও পরে পুলিশের তদন্তে হত্যার বিষয়টি উঠে আসে।

এ ঘটনায় পাঁচবিবি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম পাশা বাদী হয়ে হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত।