logo

হামের উপসর্গ নিয়ে মমেকে আরও ১ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে মমেকে আরও ১ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ ( মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ১৩ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৭৪ শিশু।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১১ এপ্রিল দুপুর ১২টার দিকে জামালপুরের সরিষাবাড়ি থেকে আসা সাত মাস বয়সি শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়া ও হৃদ্‌যন্ত্রের সমস্যায় ভুগছিল। সোমবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা আরও বলেন, গত ১৭ মার্চ থেকে ১৪ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪৫৭ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৩৩ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৩৭০ শিশু।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হাসপাতালে শিশুদের জন্য আইসিইউ ওয়ার্ড প্রস্তুত থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবলের কারণে সেটি চালু করা হয়নি। আইসিইউ না থাকায় হাম আইসোলেশন ওয়ার্ডে থাকা শিশুদের চিকিৎসায় বাবল সিপ্যাপ পদ্ধতি ব্যবহার করে অক্সিজেন ব্যালান্স করা হয়।

চাহিদা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আমরা হাসপাতালে তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছি।