Advertisement

দুধ ব্যবসায়ীর লাশ রেখে মহাসড়ক অবরোধ, ২ কিমি যানজট

এশিয়া পোস্ট নিউজ, সিরাজগঞ্জ
দুধ ব্যবসায়ীর লাশ রেখে মহাসড়ক অবরোধ, ২ কিমি যানজট
মহাসড়কে নিহতের লাশ রেখে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ বাসিন্দারা। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ দেরিতে পৌঁছানোর অভিযোগ তুলে মহাসড়কে নিহতের লাশ রেখে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-পাবনা মহাসড়কে দুই কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৪টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন (৩৫) নাটোর জেলার সিংড়া উপজেলার গোয়ালবাথান গ্রামের সাদেক আলীর ছেলে। তিনি পেশায় দুধ ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংড়া থেকে পিকআপ ভ্যানে দুধ নিয়ে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন সাদ্দাম হোসেন। পিকআপটি পাটধারী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেনের মৃত্যু হয় এবং পিকআপের চালক গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর উদ্ধার ও সুরতহাল রিপোর্টের জন্য একাধিকবার খবর দেওয়া সত্ত্বেও পুলিশ প্রায় তিন ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুত উদ্ধার করা গেলে সাদ্দামকে বাঁচানো সম্ভব হতো—এমন দাবি তুলে বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা নিহতের লাশ মহাসড়কে রেখে যান চলাচল বন্ধ করে দেন।

তবে পুলিশের বিরুদ্ধে ওঠা অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ডিউটি অফিসার সানোয়ার হোসেন। তিনি জানান, জাতীয় জরুরি সেবার মাধ্যমে খবর পাওয়ার পরপরই পুলিশ দল পাঠানো হয়েছিল।

এ বিষয়ে হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কিশোর কুমার পাল বলেন, দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে না পারায় পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা সড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের সঙ্গে কথা বলে বিষয়টি বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।