অবৈধ ইটভাটায় অভিযানে র্যাবের গাড়ি ভাঙচুর

জামালপুর সদর উপজেলায় দুইটি অবৈধ ইটভাটায় অভিযানে যাওয়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এদিন জামালপুর পৌরসভার পিঙ্গলহাটি ও শরিফপুরের গোবিন্দপুরে অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।
স্থানীয়রা জানান, বিকেলে গোবিন্দপুর এলাকার জিরন ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনার সময় ইটভাটার মালিক সৌরভ হাসান বাবুর মা রোজিনা বেগম র্যাবের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে গাড়িটির সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর রোজিনা বেগম এবং ভাটার অংশীদার মাহমুদুল হাসান সুজনকে আটক করে পুলিশ। তাদেরকে আটক করে নিয়ে যাওয়ার সময় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় কয়েকজন নারী সড়কের ওপর শুয়ে আটকৃতদের নিয়ে যেতে বাধা দেওয়ার চেষ্টা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, হামলা সত্ত্বেও অভিযান অব্যাহত রাখা হয়। পরিবেশগত ছাড়পত্র না থাকায় জিরন ব্রিক ফিল্ডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। বুলডোজার দিয়ে ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। পরে পিঙ্গলহাটার যমুনা ব্রিক ফিল্ডে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানেও বুলডোজার দিয়ে ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস বলেন, জামালপুর সদর উপজেলার চারটি অবৈধ ইটভাটার মধ্যে দুইটি ইটভাটায় অভিযান সম্পন্ন হয়েছে। আবার অভিযান পরিচালনা করা হবে।
র্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, অভিযান পরিচালনার সময় একজন মানসিক ভারসাম্যহীন নারী র্যাবের গাড়িতে ঢিল ছোড়ে। গাড়ির সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ওই নারীকে আটক করা হয়েছে।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, র্যাবের গাড়িতে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ায় এক নারীসহ দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে র্যাব বা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।