logo

স্ত্রীকে ফেরাতে শ্বশুরবাড়ি গিয়ে নির্যাতনে যুবকের মৃত্যু

স্ত্রীকে ফেরাতে শ্বশুরবাড়ি গিয়ে নির্যাতনে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে রুবেল মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শনিবার (২৫ এপ্রিল) নিহতের পরিবার থানায় হত্যা মামলা দায়ের করেছে।

মৃত রুবেল উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের ছেলে।

পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে গত ২২ এপ্রিল সন্ধ্যায় রুবেল তার স্ত্রী জেসমিন বেগমকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান। সেখানে পৌঁছানোর পর তার স্ত্রী জেসমিন বেগম, শ্যালক মিজানুর রহমানসহ কয়েকজন মিলে তাকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী জেসমিন বেগম, তার বড় ভাই মিজানুর রহমানসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন।

এদিকে রুবেলের মৃত্যুতে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।