হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ১৪ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৪ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৭৮ শিশু।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৯ এপ্রিল কিশোরগঞ্জ সদর থেকে আসা তিন মাস বয়সি ছেলে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়া ও হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিল। শনিবার দুপুর দেড়টার দিকে হাম, নিউমোনিয়া, হৃদ্যন্ত্রের অকার্যকারিতা এবং ডাউন সিনড্রোমে মারা যায়।
অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা আরও বলেন, গত ১৭ মার্চ থেকে ১৯ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬১১ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৭২ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৫১৯ শিশু।
তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান।