খুলনায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

এশিয়া পোস্ট নিউজ, খুলনা
খুলনায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে খুলনায় সড়ক অবরোধ। ছবি : এশিয়া পোস্ট

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে খুলনায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টার পর নগরীর শিববাড়ী মোড়ে জড়ো হয়ে ‘এইচএসসি ২০২৬’ ব্যাচের পরীক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন।

এ সময় শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষার চলমান সময়সূচি পুনর্বিবেচনার দাবি জানান। একপর্যায়ে বিক্ষোভকারীরা শিববাড়ী মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও বিরূপ আবহাওয়ার মতো দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমন বাস্তবতায় পরীক্ষা আয়োজনের বিষয়টি পুনর্বিবেচনা করা জরুরি ছিল। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে করা ‘ফার্মের মুরগি’ মন্তব্যকে তারা অবমাননাকর উল্লেখ করে প্রতিবাদ জানান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

বিষয় :খুলনা