বরিশালে রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
বরিশালে রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড
প্রতিকী ছবি: সংগৃহীত

বরিশালে এক হাজার পিস ইয়াবাসহ আটক এক রোহিঙ্গা তরুণীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এস এম শরিয়ত উল্লাহ এ রায় ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আবদুর রহমান।

দণ্ডপ্রাপ্ত জাহিদা বেগম (২০) কক্সবাজারের টেকনাফের নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ মে রাতে ঢাকা থেকে বরিশালগামী মামুন পরিবহনের একটি বাস নগরীর কলসগ্রাম এলাকা অতিক্রমের সময় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহজনক আচরণের কারণে জাহিদা বেগমকে তল্লাশি করা হয়। পরে তার প্যান্টের পকেটে থাকা পাঁচটি প্যাকেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানার এসআই আল আমিন নাঈম বাদী হয়ে জাহিদা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে একই থানার এসআই ছানোয়ার হোসেন তাকে অভিযুক্ত করে গত ২৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দেন।

বিষয় :বরিশাল