কাপড় শুকানোর দড়ি টানানো নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যা

ফরিদপুরে কাপড় শুকানোর দড়ি টানানোকে কেন্দ্র করে জুয়েল আহমেদ নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর শহরের গোয়ালচামটস্থ মোল্লা বাড়ি সড়কে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল আহমেদ একই এলাকার মনির উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একই এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী বিহারি মো. সরফরাজের পরিবারের সঙ্গে জুয়েল আহমেদের পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার সকালে সরফরাজের পরিবারের সদস্যরা জুয়েলের বাড়ির প্রবেশ পথে দড়ি টানানোর সময় গালিগালাজ করতে থাকে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সরফরাজের পরিবারের সদস্যরা লাঠি ও রড নিয়ে হামলা চালিয়ে জুয়েল আহমেদ ও তার ছোট ভাই প্রবাসী সোহেল আহমেদকে বেধড়ক পিটিয়ে জখম করে।
স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে জুয়েল আহমেদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ছোট ভাই সোহেল আহমেদ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আসাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেই হমালাকারী সরফরাজ ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।