গাজীপুর/ঈদযাত্রায় বৃষ্টিতে দুই মহাসড়কে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ

ঈদের ছুটি পেয়ে গ্রামে ফিরছেন ঘরমুখো মানুষ। তবে বৃষ্টিতে গাজীপুরে দুটি মহাসড়কে বেড়েছে যাত্রীদের দুর্ভোগ। বিশেষ বাস না পেয়ে খোলা ট্রাক ও পিকআপে ওঠা যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
মঙ্গলবার (২৬ মে) সকালে বৃষ্টি না থাকলেও বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয় তুমুল বৃষ্টি। এই বৃষ্টিতেই শুরু হয় ভোগান্তি। এরমধ্যে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। অনেক যাত্রী এখনও মহাসড়কের পাশে পরিবহনের জন্য অপেক্ষায় রয়েছে। বৃষ্টিতে অনেকেই ভিজে গেছে। তবে এদের মধ্যে শিশু ও বয়োজ্যেষ্ঠ যাত্রীদের সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হচ্ছে।
খসোমবার থেকে শিল্পাঞ্চল গাজীপুরের শিল্পকারখানা ছুটি শুরু হয়েছে। গতকাল বিকেল হতে মহাসড়কে যাত্রীদের ঢল নামে, যাত্রীদের সেই ঢল এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এরমধ্যে রাতের তুমুল বৃষ্টিতে ভোগান্তি আরও কয়েক গুণ বেড়েছে।
কারখানা সূত্রে জানা যায়, শিল্পাঞ্চল গাজীপুরে ছোটবড় প্রায় ৫ হাজার শিল্প কারখানা রয়েছে। এসব কারখানার অর্ধেক গতকাল ছুটি হয়েছে। বাকি অর্ধেক যে কারখানাগুলো রয়েছে সেগুলো আজ দুপুরের মধ্যে ছুটি হয়ে যাবে। ধারণা করা হচ্ছে করা হচ্ছে দুপুরের পর যাত্রীদের চাপ মহাসড়কে আরো বাড়বে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কথা হয় ফেরদৌস হোসেন নামে এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, আমরা গাড়ি না পেয়ে চৌরাস্তা হতে ট্রাকে উঠেছিলাম। বৃষ্টি শুরু হওয়ায় নেমে গিয়েছি কিন্তু অনেক যাত্রী ভিজে ভিজেই যাচ্ছে। বৃষ্টির কারণে এবার যানজট আরও বেশি হবে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সওগাতুল আলম বলেন, রাতেও বৃষ্টি হয়েছে। সকালে স্বাভাবিক ছিল কিন্তু আবারও বৃষ্টি নামায় ভোগান্তি বেড়েছে ঘরমুখো মানুষের। যানজট ও ভোগান্তি কমাতে কাজ করছে পুলিশ।
