মানিকগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

মানিকগঞ্জের সিংগাইরে ডাকাত সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে মো. রাজিব নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৭ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার শায়েস্তা ইউনিয়নের বান্দাইল জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজিব (৪০) ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড এলাকার ফুলবর আলীর ছেলে।
এ সময় ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন বাড়ির মালিক হাকিম আলী। তিনি বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত আড়াইটার দিকে ৭-৮ সদস্যের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে জিয়ানগর এলাকার হাকিম আলীর বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির উত্তর পাশের একটি জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে বাড়ির মালিক হাকিম আলীকে ভয়ভীতি দেখান। এ সময় রাজিব নামে ওই ব্যক্তি ঘর থেকে নগদ প্রায় চার লাখ টাকা ও প্রায় চার ভরি স্বর্ণালংকার নিয়ে বাইরে অবস্থানরত সহযোগীদের কাছে পৌঁছে দেন।
একপর্যায়ে হাকিম আলী সুযোগ বুঝে রাজিবকে আটক করার চেষ্টা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় হাকিম আলীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয় জনতা রাজিবকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধস্তাধস্তির সময় হাকিম আলী মাথায় আঘাত পান। প্রথমে তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ডাকাতি নয়, চুরির ঘটনা হতে পারে। তবে ঘটনাটি তদন্তাধীন রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
