যারা মা-বোনদের গায়ে হাত তুলছে, তাদের কাছে দেশ কতটা নিরাপদ : জামায়াত আমির

যারা এখনই মা-বোনদের গায়ে হাত দেয় এবং বিরোধী মত দমনে কঠোর হয়, নির্বাচনে জিতলে তাদের কাছে দেশ কতটা নিরাপদ থাকতে পারে বলে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় যোগ দিয়ে এমন প্রশ্ন রাখেন তিনি।
তিনি বলেন, গণভোটে হ্যাঁ ভোট পাস করলে ফ্যাসিবাদ ফিরবে না। তাই নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে।
জামায়াত আমির বলেন, হ্যাঁ ভোট যদি বিজয়ী হয় বাংলাদেশ জিতে যাবে। হ্যাঁ ভোট যদি পরাজিত হয় তাহলে বাংলাদেশ হেরে যাবে। হ্যাঁ ভোট বিজয়ী না হলে সরকার গঠন করেও কোনো লাভ হবে না।
ক্ষমতায় গেলে যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রতিশ্রতি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জনতার স্বার্থ রক্ষায় দাঁড়িপাল্লার মাপে কোনো হেরফের হবে না। এই দেশে জনগণের রাজনীতি হবে, পরিবার বা দলের নয়।
গণভোটে হ্যাঁ জয়ী হলে ফ্যাসিবাদ, জবর দখল, চাঁদাবাজি চলবে না উল্লেখ করে তিনি বলেন, ১৮ কোটি মানুষ পরিবর্তন দেখতে চায়। তবে হ্যাঁ ভোট বিজয়ী না হলে সরকার গঠন করে কোনো কাজে আসবে না।
জামায়াত আমির বলেন, একদিকে ফ্যামিলি কার্ড অন্যদিকে মা-বোনদের গায়ে হাত চলতে পারে না। জামায়াতের আদর্শিক প্রচারণায় কারও বাধা দেওয়ার এখতিয়ার নেই। নির্বাচনি প্রচারণায় বাধা দিলে কিংবা নারীদের লাঞ্ছিত করলে প্রতিরোধ করা হবে।
বিএনপি শৃঙ্খলা ফেরাতে চাইলে সহায়তা করা হবে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘কেউ যদি পায়ে পা দিয়ে আমাদের সঙ্গে ঝগড়া করতে আসে, তবে আমরাও ছেড়ে দেব না। আমাদের জুজুর ভয় দেখিয়ে লাভ নেই৷’
গোটা বাংলাদেশকে বিভিন্ন সিন্ডিকেট আঁকড়ে ধরেছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে সব সিন্ডিকেটের মূলোৎপাটন করা হবে৷ বেকার ভাতা নয়, বেকারদের দক্ষ করে কর্মমুখী করতে চাই। নারীদের জন্য পৃথক যোগাযোগ ব্যবস্থা ও গণশৌচাগারের ব্যবস্থা করা হবে। সব ধর্মের জন্য নিরাপত্তার দুয়ার খুলে দেওয়া হবে।
এর আগে, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসলামি চেতনা, জুলাইয়ের চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনায় মানবিক রাষ্ট্র গঠন করবে জামায়াত। একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবার দুর্নীতি-অপশাসন ফিরিয়ে আনতে গণভোটে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে।