ময়মনসিংহে তুলার গোডাউনে আগুন

ময়মনসিংহের গৌরীপুরে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কলতাপাড়া এলাকায় অবস্থিত ‘ডেল্টা’ নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে এই আগুন লাগে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডেল্টা মিলস প্রাঙ্গণেই তুলার গোডাউন এবং সংলগ্ন সুতার কারখানা অবস্থিত। গোডাউন থেকে তুলা কারখানায় নিয়ে সুতা তৈরি করা হয়। শনিবার সন্ধ্যায় বি শিফটের ২৬০ জন শ্রমিক গোডাউনের ভেতর কাজ করছিলেন। হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কে শ্রমিকরা দ্রুত কারখানা থেকে বের হয়ে যান। খবর পেয়ে ময়মনসিংহ সদর, ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডেল্টা মিলের জেনারেল ম্যানেজার (জিএম) আবু আহমেদ শরীফ জানান, মিলের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছিল এবং শ্রমিক-কর্মচারীরা নিজ নিজ কাজে নিয়োজিত ছিলেন। হঠাৎ গোডাউনের ভেতরে আগুন জ্বলতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
গৌরীপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সুলতান মিয়া বলেন, আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকর্মীদের বেশ বেগ পেতে হয়। আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা চলছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, এটি কোনো নাশকতামূলক ঘটনা নয়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
