সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ১১৩৬ টন চাল

প্রায় পৌনে দুই মাস বিরতির পর আবারও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) থেকে বুধবার (২৮ জানুয়ারি) বিকেল পর্যন্ত ভারতের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমের অংশ হিসেবে দেশটি থেকে মোট ১ হাজার ১৩৬ টন নন-বাসমতি সিদ্ধ চাল বাংলাদেশে প্রবেশ করেছে।
আমদানির অনুমতি পাওয়ার পর ২৪ জানুয়ারি প্রথম ৭ ট্রাকে আসে ৩১৯ টন চাল। এরপর ২৭ জানুয়ারি আসে ৫ ট্রাকে ২২০ টন এবং ২৮ জানুয়ারি বিকেল সাড়ে চারটা পর্যন্ত ১৫ ট্রাকে ৫৯৭ টন চাল বন্দর দিয়ে প্রবেশ করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান।
স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হুমায়ন কবির জানান, বন্দর পর্যন্ত প্রকারভেদে আমদানি করা এসব চালের প্রতি কেজি গড় ব্যয় পড়েছে আনুমানিক ৫০ থেকে ৭০ টাকা।
সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, তিন দিনে ভারত থেকে ৬টি আমদানিকারক প্রতিষ্ঠান ৭টি চালানে চালগুলো এনেছে।
তিনি আরও জানান, সর্বশেষ গত বছরের ৩ ডিসেম্বর এই বন্দর দিয়ে ৫৬৩.৭ টন চাল আমদানি হয়েছিল। এরপর প্রায় পৌনে দুই মাস সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি কার্যক্রম বন্ধ ছিল।