logo

ইউনিয়ন বিভক্তি নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

ইউনিয়ন বিভক্তি নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
গালুয়া ইউনিয়ন বিভক্তির প্রস্তাব ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে বাজারে ১৪৪ ধারা জারির পর স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের সঙ্গে কথা বলছেন পুলিশ সদস্যরা ছবি: এশিয়া পোস্ট

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন বিভক্তির প্রস্তাবকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি কর্মসূচির জের ধরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সংঘাত এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টা থেকে শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত গালুয়া বাজার ও সংলগ্ন এলাকায় এ আদেশ বলবৎ থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরী স্বাক্ষরিত এক আদেশে গালুয়া বাজার ও পার্শ্ববর্তী এলাকায় মাইক বা শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল, সমাবেশ, মিছিল ও সভা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের একটি ডিও (ডেমি অফিসিয়াল) চিঠিতে রাজাপুর পৌরসভা গঠন এবং গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়নে রূপান্তরের প্রস্তাব দেওয়া হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এর জের ধরে গালুয়া ইউনিয়নের অখণ্ডতা রক্ষার দাবিতে শুক্রবার বিকেল ৪টায় গালুয়া বাজারে মানববন্ধনের ঘোষণা দেয় একটি পক্ষ। প্রচারপত্রে তারা ইউনিয়ন বিভক্তির উদ্যোগ বাতিল, প্রশাসনিক সেবার মানোন্নয়ন, জননিরাপত্তার স্বার্থে প্রয়োজনে পুলিশ ফাঁড়ি স্থাপন এবং গালুয়াকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দাবি জানান।

অন্যদিকে ‘বৃহত্তর পুটিয়াখালী’কে ৭ নম্বর ইউনিয়ন হিসেবে ঘোষণার দাবিতে একই দিন বিকেল ৩টায় গালুয়া ইউনিয়ন পরিষদের সামনে পৃথক মানববন্ধনের ডাক দেয় আরেকটি পক্ষ। ‘বৃহত্তর পুটিয়াখালীর সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

একই এলাকায় ও কাছাকাছি সময়ে দুটি প্রতিদ্বন্দ্বী পক্ষের কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

এ বিষয়ে রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে গালুয়া বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব বলেন, গালুয়া ইউনিয়ন বিভক্ত করার প্রস্তাবকে ঘিরে একই স্থানে দুটি পক্ষ পাল্টাপাল্টি মানববন্ধনের ডাক দিয়েছে। প্রশাসনিকভাবে মানববন্ধনে কোনো বাধা নেই, তবে একই স্থানে দুই পক্ষের কর্মসূচিতে আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় শুক্রবার দুপুর ২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।