ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে শায়েস্তাগঞ্জ থানাধীন সুতাং ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. কাউসার মিয়া (৩২) নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাটেরচর এলাকার মৃত মুতি মিয়ার ছেলে। তিনি মুরগিবাহী পিকআপের চালক।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ঢাকামুখী একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় একটি সিএনজিচালিত অটোরিকশাও দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক কাউসার মিয়া ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে নিয়ন্ত্রণ হারিয়ে শাহ সিমেন্ট কোম্পানির ট্রাকটি মহাসড়কের পাশের নিচু স্থানে পড়ে যায়। এতে পিকআপের হেলপার ও সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করে। ট্রাক ও পিকআপটি জব্দ করে থানার হেফাজতে নেওয়া হয়েছে।
শুভ রঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
.png)





