আত্মপ্রকাশ করল তথ্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় শেরপুর’

‘তথ্যই হোক সংযোগ’—এই স্লোগানে শেরপুর জেলার তথ্য ও সেবাভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় শেরপুর ডটকম’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর আয়োজনে প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়।
‘প্রিয় শেরপুর’-এর প্রতিষ্ঠাতা ও শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট কলামিস্ট কাকন রেজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহসভাপতি মুগনিউর রহমান মনি, সহসভাপতি শাহরিয়ার মিল্টন, সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।
এ সময় জেলার সাংবাদিক, শিক্ষক, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, সামাজিক-সাংস্কৃতিক ও ব্যবসায়ী মহলের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা আনুষ্ঠানিকভাবে ‘প্রিয় শেরপুর ডটকম’ ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের উদ্বোধন করেন। পরে কেক কাটা হয়।
বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সময়ে নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য মানুষের অন্যতম প্রয়োজন। স্থানীয় পর্যায়ের তথ্য, নাগরিক সেবা ও জরুরি যোগাযোগ এক প্ল্যাটফর্মে এনে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি কমাতে ‘প্রিয় শেরপুর ডটকম’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা উদ্যোগটির সফলতা কামনা করে তথ্যের নির্ভুলতা ও নিয়মিত হালনাগাদ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি কাকন রেজা বলেন, স্থানীয় পর্যায়ের তথ্যকে প্রযুক্তির মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সময়ের দাবি। ‘প্রিয় শেরপুর’ জেলার মানুষের জন্য একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।
‘প্রিয় শেরপুর’-এর প্রতিষ্ঠাতা প্রভাষক মহিউদ্দিন সোহেল বলেন, শেরপুরের মানুষ যাতে এক জায়গা থেকেই প্রয়োজনীয় তথ্য ও সেবা সহজে পেতে পারেন, সেই লক্ষ্য নিয়েই ‘প্রিয় শেরপুর ডটকম’-এর যাত্রা। এটি শুধু একটি ওয়েবসাইট বা অ্যাপ নয়; বরং শেরপুরকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আরও সংযুক্ত ও স্মার্ট করে গড়ে তোলার একটি উদ্যোগ। ভবিষ্যতে এখানে আরও আধুনিক ডিজিটাল সেবা যুক্ত করা হবে।
তিনি জানান, ‘প্রিয় শেরপুর ডটকম’ আইটি প্রতিষ্ঠান ‘প্রিয় টেক বাংলাদেশ’-এর দ্বিতীয় প্রোডাক্ট। প্ল্যাটফর্মটিতে পর্যায়ক্রমে জেলার হাসপাতাল, চিকিৎসক, রক্তদাতা, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি দপ্তর, ব্যবসাপ্রতিষ্ঠান, পর্যটনকেন্দ্র, জরুরি সেবা, বাস-ট্রেনের সময়সূচি, গুরুত্বপূর্ণ ফোন নম্বরসহ বিভিন্ন নাগরিক সেবা সংক্রান্ত তথ্য সংযুক্ত করা হবে। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে এসব তথ্য আরও সহজে ব্যবহার করা যাবে।
.png)





