logo

বরিশালজুড়ে নেমে এসেছে ভালোবাসা

বরিশালজুড়ে নেমে এসেছে ভালোবাসা

ভালোবাসা নেমে এসেছে পুরো বরিশালজুড়ে। পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে শহরের ফুলের দোকানগুলোতে দেখা গেছে নানা বয়সি মানুষের ভিড়। প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করতে তরুণ-তরুণী থেকে শুরু করে মধ্যবয়সী ও বয়স্করাও ভিড় করেছেন ফুল কিনতে।

ফুল ব্যবসায়ীরা জানান, এ সময় সবচেয়ে বেশি চাহিদা থাকে গোলাপের। শহরের বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, গোলাপের পাশাপাশি গাঁদা, রজনীগন্ধা, গ্লাডিওলাস, জারবেরা, রথস্টিক, জিপসি, গ্যালেনডোলা, চন্দ্রমল্লিকা, বোথাম ও সূর্যমুখী ফুলও ভালো বিক্রি হচ্ছে।

বর্তমানে মানভেদে প্রতিটি গোলাপ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। রজনীগন্ধার স্টিক ৫০ টাকা, গাঁদার মালা ১২০ টাকা, জারবেরা ৫০ টাকা, অর্কিড স্টিক ৮০ টাকা এবং সূর্যমুখী প্রতিটি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ভালোবাসা দিবসে স্ত্রী রাজিয়াকে ফুল কিনে দিতে দোকানে এসেছেন ইফতেখার। তিনি বলেন, প্রেমের সময় যেমন ফুল দিতাম, এখনও দিই। বেঁচে থাকা পর্যন্ত প্রতি ১৪ ফেব্রুয়ারি এমনভাবেই উদযাপন করতে চাই।

আরেক ক্রেতা সাফিন বলেন, ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নয়। মা-বাবা ও পরিবারের সবার প্রতিই ভালোবাসা আছে। তাই তিনি মায়ের জন্য ফুল কিনেছেন।

অন্যদিকে, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ফুল বিক্রেতাদের ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ। গাজী ফুল ঘরের ব্যবসায়ী মুজাহার গাজী জানান, বছরের শুরু থেকেই বিভিন্ন দিবস উপলক্ষে ফুলের বিক্রি বেড়েছে। বসন্ত ও ভালোবাসা দিবসে নানা ধরনের ফুল সরবরাহ করা হয়েছে। দাম কিছুটা বেশি হলেও বিক্রি সন্তোষজনক।