logo

দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হলে কঠোর ব্যবস্থা: আবুল খায়ের

দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হলে কঠোর ব্যবস্থা: আবুল খায়ের
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। ছবি: এশিয়া পোস্ট

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে রায়পুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ৫ নম্বর চরপাতা ও ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকার পর্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া।

মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, তারেক রহমানের ভিশন বাস্তবায়ন করতে হলে আমাদের মধ্যে কঠিন ঐক্য থাকতে হবে। ঐক্য না থাকলে আমরা ভেঙে যাব। তাই এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, একজন চেয়ারম্যান, নয়জন পুরুষ সদস্য ও তিনজন নারী সদস্য—দলের পক্ষ থেকে যাদের মনোনয়ন দেওয়া হবে, তাদের বাইরে কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না। এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট।

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে সাংগঠনিকভাবে কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।

আবুল খায়ের আরও বলেন, আপনাদের মধ্যে অনেকে দীর্ঘদিন ধরে এই সমাজ ও এলাকার জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। অনেকে নিজের অর্থ ব্যয় করেছেন, শ্রম দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, কষ্ট করেছেন। যারা দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের বিষয়টি অবশ্যই বিবেচনায় রাখা হবে।

তিনি বলেন, কোনো এলাকায় দলের ভালো প্রার্থী না থাকলে এমন ব্যক্তিকেও বিবেচনা করা হতে পারে, যিনি আগে দলের সঙ্গে সরাসরি কাজ করেননি, কিন্তু এলাকায় তার গ্রহণযোগ্যতা রয়েছে এবং দলের জন্য ভোট নিশ্চিত করতে পারেন। তবে সবকিছু দলীয়ভাবে যাচাই-বাছাই ও বিচার-বিশ্লেষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, মতভেদ ও দল-মত নির্বিশেষে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়ন করতে হবে। স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি আমাদের পক্ষে না থাকেন, তাহলে রায়পুরবাসীসহ পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে।