৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রামে প্রবাসীর বাড়ি লক্ষ্য করে গুলি
-b080d2.jpg)
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসীর বাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে।
সোমবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে প্রবাসী হাজী মোহাম্মদ ইউসুফের বাড়িতে এ হামলা চালায় দুর্বৃত্তরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন দুপুরে মোহাম্মদ ইউসুফের দুবাইপ্রবাসী ছেলে মোহাম্মদ শওকতের হোয়াটসঅ্যাপে কাতারভিত্তিক একটি নম্বর থেকে ভয়েস মেসেজ পাঠিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে হুমকি দেওয়া হলে পরিবারটি নম্বরটি ব্লক করে দেয়। এর জেরে রাতে এই গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ভবনের বাসিন্দা ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ইউসুফের বাড়ি ফটিকছড়ি উপজেলায় হলেও তিনি হামজারবাগে পরিবার নিয়ে বসবাস করেন। তার পরিবারে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের শ্বশুরবাড়ির সম্পর্ক রয়েছে। আজিজ গত ৫ আগস্ট সরকার পতনের পর গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।
হামলার বিবরণ দিয়ে ভুক্তভোগী মোহাম্মদ ইউসুফ জানান, রাতে বিদ্যুৎ না থাকার সুযোগে দুজন লোক বাসার সামনে আসে। নিরপত্তারক্ষীকে অস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে ফটক বন্ধ করতে বলে। এরপর ফটক লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। দূরে সম্ভবত তাদের সঙ্গে কোনো যানবাহন ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, অন্ধকারের সুযোগ নিয়ে হামলাটি চালানো হয়েছে। এটি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই করা হয়েছে বলে মনে হচ্ছে। আমরা চাঁদা দাবি বা হুন্ডি ব্যবসাসংক্রান্ত কোনো বিরোধ আছে কি না—সবদিক বিবেচনা করে তদন্ত করছি।
এর আগে, গত দুই বছর ধরে চট্টগ্রামে চাঁদা দাবি ও পরবর্তীতে বাসাবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে গুলিবর্ষণের একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনার পেছনে বিদেশে পলাতক সন্ত্রাসী বড় সাজ্জাদ ও তার বাহিনীর সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ।
.png)


