logo
Advertisement

যশোরে চরমপন্থি দলের সদস্যকে গুলি করে হত্যা, পাশে ছিল গুলি-‘ককটেল’

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
অভয়নগর, যশোর
যশোরে চরমপন্থি দলের সদস্যকে গুলি করে হত্যা, পাশে ছিল গুলি-‘ককটেল’
বাগানের ভেহর পড়ে ছিল গুলিবিদ্ধ মরদেহ। যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নে। ছবি: এশিয়া পোস্ট

যশোরের অভয়নগর উপজেলায় নিষিদ্ধ চরমপন্থি দলের সদস্য বাহারুল মল্লিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের মোল্যা বাড়ির বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড ব্যবহৃত গুলি ও লাল টেপে মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বাহারুল মল্লিক রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে। তিনি একটি নিষিদ্ধ চরমপন্থি দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

স্থানীয়রা জানান, মোল্যা বাড়ির বাগানে বাহারুল মল্লিকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পুলিশকে জানানো হলে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ভাই বিল্লাল মল্লিক জানান, প্রায় ১৫ বছর আগে বাহারুল বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি পরিবারের সঙ্গে নিয়মিত থাকতেন না। মাঝেমধ্যে ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতেন। সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবর জানতে পারেন তিনি।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, বাহারুল মল্লিক একটি নিষিদ্ধ চরমপন্থি দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার ঠোঁটের নিচে গুলির চিহ্ন রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড ব্যবহৃত গুলি এবং লাল টেপে মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।