সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী নুরুল ইসলাম বিজয়ী

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা) আসনে বিএনপি প্রার্থী অ্যাড. নুরুল ইসলাম নুরুল বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
তিনি ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৫৫৫ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. শামছ উদ্দিন (দাঁড়িপাল্লা প্রতীকে) ৭৪ হাজার ১৮ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রার্থীদের নির্বাচন পরিচালনা ও মনিটরিং সেল থেকে এই তথ্য জানা গেছে।
সুনামগঞ্জ-৪ আসেনে মোট ভোটকেন্দ্র ১১৫টি। এই আসনের মোট ভোটার ৩ লাখ ৭২ হাজার ৩৪৩ জন।
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
এবারের নির্বাচনে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় প্রদান করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।