logo

গরু বিক্রি করে ফেরার পথে সড়কে প্রাণ গেল বাবা-ছেলেসহ তিনজনের

গরু বিক্রি করে ফেরার পথে সড়কে প্রাণ গেল বাবা-ছেলেসহ তিনজনের
মানচিত্রে চাঁপাইনবাবগঞ্জ। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গরু বিক্রি শেষে বাড়ি ফেরার পথে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও আটজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল ঝাবুবাজার এলাকার বাসিন্দা আয়েশ উদ্দিন, তার ছেলে শরিফুল ইসলাম এবং শিবনারায়ণপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে আবদুল হামিদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার সোনাইচণ্ডী হাটে গরু বিক্রি শেষে ব্যবসায়ী ও হাটের যাত্রীরা একটি ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন। পথে পুসকুনি এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে নেওয়া হলে চিকিৎসক ডা. আবুল হায়াত দুজনকে মৃত ঘোষণা করেন। অপর একজন ঘটনাস্থলে মারা যান। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে ভটভটিটি খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।