নির্মাণাধীন বাড়ির ছাদে প্রবাসীর স্ত্রীর মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

সাভারের আশুলিয়ায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে রোকসানা বেগম (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) রাতে কলতাসূতি মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত রোকসানা বেগম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ পাকুল্লা এলাকার দুবাইপ্রবাসী মকবুল হোসেনের স্ত্রী। প্রায় দুই মাস আগে তারা আশুলিয়ার মরিচকাটা এলাকায় নিজেদের নির্মাণাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলায় বসবাস শুরু করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে ভবনের ছাদে পানির ট্যাংকি দেখতে যান রোকসানা। দীর্ঘ সময় পার হলেও তিনি নিচে না নামায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ছাদে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাই মো. ইরাক বলেন, সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার দিকেও মোবাইল ফোনে আপার সঙ্গে কথা হয়েছিল। কিন্তু রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ খবর পাই আপা আর বেঁচে নেই।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নূর আমিন বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে এসআই নূর আমিন বলেন, এর পেছনে একাধিক কারণ থাকতে পারে। নতুন বাড়ি নির্মাণের কারণে চাঁদা দাবি, আর্থিক লেনদেন কিংবা ব্যক্তিগত বিরোধ—বিভিন্ন বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
