ফেনীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) রাত ২টার দিকে ফেনী সদর উপজেলার খাইয়ারা ভোজনবাড়ী রেস্টুরেন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও আটজন।
নিহতদের মধ্যে একজনের নাম জাহাঙ্গীর (৪০) বলে জানা গেছে। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের পরিচয় শনাক্তে কাজ করছে।
পুলিশ, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে আসা একটি গ্যাসবোঝাই ট্রাকের চাকা পাংচার হলে চালক মহাসড়কের পাশে গাড়িটি থামান। এরপর চালক ও হেলপার চাকা পরিবর্তনের কাজ করছিলেন। ওই সময় স্থানীয় একটি রেস্টুরেন্টের মালিক শামীম ভূঁইয়াসহ বেশ কয়েকজন উৎসুক মানুষ সেখানে দাঁড়িয়ে কাজ দেখছিলেন। ঠিক তখনই ঢাকামুখী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাক ও জড়ো হওয়া মানুষের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।
খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মোশাররফ হোসেন তালুকদার বলেন, হাসপাতালটিতে অন্তত ১০ জন আহত ব্যক্তিকে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় পরে আরও একজনের মৃত্যু হয়। আহতদের অনেকের হাত-পা ও মাথায় গুরুতর আঘাত রয়েছে।
আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন আবদুর শুক্কুর, বেলাল হোসেন, আরিফুল ইসলাম, আরিফ ও মো. রাসেল। এ ছাড়া কক্সবাজারের কুতুবদিয়ার মো. মিজান এবং নোয়াখালীর সোনাপুর এলাকার সাগর ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর জুয়েল নামে এক কিশোর প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
এ বিষয়ে ফাজিলপুর হাইওয়ে থানা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
