পাওনা টাকা ফেরত চাওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
পাওনা টাকা ফেরত চাওয়ায় যুবককে কুপিয়ে হত্যা
স্বজনদের আহাজারি। ছবি : এশিয়া পোস্ট

বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে শহরের লতিফপুর কলোনির প্রীতি প্রাইমারি স্কুলের পেছনের একটি গলিতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আরিফ শেখ (৩৩) ওই এলাকার আজিজ শেখের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন ও পারিবারিক বিরোধ নিয়ে কয়েকজনের সঙ্গে আরিফ শেখের দ্বন্দ্ব চলছিল। শুক্রবার গভীর রাতে আরিফকে কৌশলে ঘর থেকে ডেকে নিয়ে লতিফপুর কলোনির একটি গলিতে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরিফের ছোট বোন রুমি আফরিন অভিযোগ করে বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে সেলিম, তার ভাগনে শুভ ও জীবন নামের তিনজন সরাসরি জড়িত।’

তিনি আরও জানান, তাদের পরিবারের সঙ্গে তার মামার পরিবারের দীর্ঘদিনের আর্থিক বিরোধ ছিল। অসুস্থ মায়ের চিকিৎসার জন্য মামার কাছে আগে ধার দেওয়া টাকা ফেরত চাচ্ছিলেন আরিফ। এই বিরোধের জেরেই ডেকে নিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তাদের সন্দেহ।

তবে পরিবারের সুনির্দিষ্ট এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

বিষয় :বগুড়া