১৬ জুলাই থেকে বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতির কারণে সাময়িক বন্ধ থাকার পর অবশেষে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আগামী ১৬ জুলাই থেকে জেলার সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এ সময় পর্যটকদের চলাচলেও আর কোনো নিষেধাজ্ঞা থাকবে না।
মঙ্গলবার (১৪ জুলাই) বান্দরবান পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
জেলা প্রশাসক বলেন, গত কয়েক দিনের টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যার কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে জেলার সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত আমরা আবহাওয়া ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করব। সবকিছু স্বাভাবিক থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য পুরোপুরি খুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, বান্দরবান একটি পর্যটননির্ভর জেলা। এখানকার বিপুলসংখ্যক মানুষের জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত। হোটেল-মোটেল, রিসোর্ট, পরিবহন, রেস্তোরাঁ, স্থানীয় গাইড ও ক্ষুদ্র ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছেন। তাই জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতির বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক জানান, পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হলেও আবহাওয়ার আকস্মিক অবনতি ঘটলে প্রয়োজন অনুযায়ী প্রশাসন তাৎক্ষণিক পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। একই সঙ্গে পর্যটকদের ভ্রমণের সময় আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ করা, প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং দুর্গম এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
টানা বর্ষণ ও বন্যার কারণে গত কয়েক দিন ধরে বান্দরবানের সব দর্শনীয় স্থান ও পর্যটনকেন্দ্র বন্ধ ছিল। এতে পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষেরা চরম লোকসানের মুখে পড়েন। পর্যটনকেন্দ্রগুলো পুনরায় চালুর সিদ্ধান্তে স্থানীয় ব্যবসায়ীসহ পর্যটন সংশ্লিষ্ট সকলের মাঝে স্বস্তি ফিরে এসেছে।





