গাজীপুরে ‘রুম টু রিডের’ উদ্যোগে শিক্ষা সহযোগিতা প্রকল্প উদ্বোধন

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড বাংলাদেশের উদ্যোগে ও বাটা শু ফাউন্ডেশনের অর্থায়নে শিক্ষা সহযোগিতা প্রকল্প উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত আশরাফ টেক্সটাইল মিলস হাই স্কুলে আনুষ্ঠানিকভাবে এ সাক্ষরতা কার্যক্রম শুরু হয়।
প্রকল্পের আওতায় স্কুলে একটি আধুনিক পাঠাগার স্থাপন করা হয়েছে। এর অধীন প্রতিটি ‘বক্স পাঠাগারে’ ক্লাসভিত্তিক দুই শতাধিক মানসম্মত বই দেওয়া হয়েছে। পাঠ্যবইয়ের পাশাপাশি নিজেদের জ্ঞান বাড়াতে শিক্ষার্থীরা এসব বই স্কুলে পড়ার পাশাপাশি বাড়িতেও নিয়ে যেতে পারবে। অনুষ্ঠান শেষে স্কুলের প্রতিটি শিক্ষার্থীর হাতে ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।
রুম টু রিড বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, ২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অনুমোদনক্রমে তারা দেশে শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে। এখন পর্যন্ত দেশের ৩ হাজার ২৫০টি স্কুলে পাঠাগার স্থাপন করেছে সংস্থাটি। বাটা শু ফাউন্ডেশনের অনুদানে ২০২৬ সালে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে টঙ্গীর আশরাফ টেক্সটাইল মিলস হাই স্কুলে সাক্ষরতা ও জেন্ডার ইক্যুয়ালিটি কার্যক্রম এবং ঢাকার উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাক্ষরতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের পরিচালক অধ্যাপক ড. মীর জাহীদা নাজনীন। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অতিরিক্ত দক্ষতা তৈরিতে সহায়তা করবে এই প্রকল্প। রুম টু রিডের দেওয়া বইগুলো অত্যন্ত মানসম্মত ও সময়োপযোগী।
গাজীপুর জেলা শিক্ষা অফিসার মো. আল মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের গবেষণা ও উদ্ভাবন শাখার উপপরিচালক নাহিদা পারভীন এবং বাটা শু’র এইচআর ম্যানেজার রাজিয়া সুলতানা।


