নানাবাড়িতে পাখি ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে পাখি ধরতে গিয়ে সাপের কামড়ে জিহান (১২) নামে এক শিশু মারা গেছে। বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জিহান গাবতলীর বালিয়াদিঘী গ্রামের টুলুর ছেলে। আগের দিন মঙ্গলবার (১০ মার্চ) পশ্চিমপাড়া এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয়রা জানান, জিহান সকালে বাড়ির পশ্চিম পাশে বাঙ্গালী নদীর তীরে গর্ত থেকে পাখি ধরতে যায়। এ সময় গর্তের ভেতরে থাকা সাপ তাকে কামড় দেয়। সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়লে সে বাড়িতে চলে আসে। পরে জোড়গাছা বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা নদীর পাড়ে গিয়ে গর্তে থাকা একটি গোখরা সাপ মেরে ফেলে।
জিহানের মামা লাল মিয়া বলেন, সকালে আমাদের অগোচরে জিহান নদীর ধারে চলে যায়। পরে অসুস্থ হয়ে ফিরলে আমরা বিষয়টি টের পাই। বিকেলে জিহানকে বালিয়াদিঘী দাদার বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য সোহেল রানা হামিদ বলেন, আজ সকালে জিহান নামে এক শিশু তার নানার বাড়ির পেছনে বাঙ্গালী নদীতে যায়। সেখানে সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। ঘটনার পরে স্থানীয় লোকজন সাপটিকে পিটিয়ে মেরে ফেলেছে। পরে ওই শিশুকে তার দাদার বাড়ি গাবতলীতে নিয়ে গেছেন স্বজনরা।