ফরিদপুরে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের সালথায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ১০টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় বাজারসংলগ্ন বড় বাংরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বড় বাংরাইল গ্রামের মনির বিশ্বাস ও মিশরু বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে তর্কাতর্কি হয়। একপর্যায়ে তা তীব্র উত্তেজনায় রূপ নেয় এবং উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে দুই পক্ষের সমর্থকেরা একে অপরের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য মনির বিশ্বাস ও মিশরু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



