logo

দিনাজপুর দিয়ে পুশইন করা তিনজনকে আটক করে ফেরত পাঠাল বিজিবি

দিনাজপুর দিয়ে পুশইন করা তিনজনকে আটক করে ফেরত পাঠাল বিজিবি
দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা। ছবি: এশিয়া পোস্ট

দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে পুশইন (ঠেলে পাঠানো) তিনজনকে আটক করে ভারতে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে বিরামপুর উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর সীমান্তে ২৯১/২০ এস সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ২৯১/২০ এস সীমানা পিলারসংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে নয়জন নারী-পুরুষকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সে সময় স্থানীয় ফেরদৌস আলীর বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছি। নয়জনের মধ্যে তিনজন বিয়ে বাড়িতে ঢুকে পড়েন। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন বিজিবিকে খবর দেন। পরে বিজিবির সদস্যরা ওই তিনজনকে আটক করেন।

স্থানীয় কাটলা ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের সদস্য শুকুর আলী জানান, ভারত থেকে নয়জন বাংলাদেশ প্রবেশ করেছিল। তাদের মধ্যে ছয়জন ওই গ্রামের বাসিন্দা আজিজুল ও মিজানুর রহমানের সহযোগিতায় পালিয়ে যেতে সুযোগ করে দেওয়া হয়। আমরা জানার পর মিজানুরের বাড়ি থেকে তিনজনকে আটক করি।

এ বিষয়ে জয়পুরহাট-২০ বিজিবির ভাইগড় বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মোস্তাফিজুর রহমান বলেন, বিএসএফ দুজন নারী ও একজন পুরুষকে বাংলাদেশে নিয়ে আসছিল, আমরা তাদের পুনরায় ফেরত পাঠিয়ে দিয়েছি।