জামায়াতের ভুলে ১৯৯৬ সালে আ.লীগ ক্ষমতায় এসেছিল: প্রিন্স

জামায়াতের ভুল রাজনীতির কারণেই ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, এখনও তাদের অপরিণামদর্শী রাজনীতির কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ সৃষ্টি হতে পারে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তালদিঘি মাঠে মরহুম রিয়াজউদ্দিন তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, অন্য কোনো দেশের নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপনই বিএনপির রাজনীতির কৌশল। জনগণ বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস এবং সেই ক্ষমতার নিয়ামক শক্তি। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে এবং রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চাইবে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারে গুরুত্বারোপ করে তিনি বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি ঐক্য, শৃঙ্খলা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি তৈরি করে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করে।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, শিক্ষার্থীরা যাতে খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে পারে, সে জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ পদক্ষেপ নিয়েছেন। আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়াকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রতি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্ধারণ করা হচ্ছে। সারা বছর রাজধানী থেকে গ্রামাঞ্চল পর্যন্ত খেলার উৎসব চলবে।
তিনি আরও বলেন, তরুণরাই আগামী দিনের বাংলাদেশের শক্তি। তাদের মেধা, প্রতিভা ও কর্মশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হলে খেলাধুলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে খেলার মাঠ সচল রাখা, নতুন খেলোয়াড় তৈরি এবং প্রতিভাবান ক্রীড়াবিদদের বিকাশের সুযোগ করে দেওয়া জরুরি।
অনুষ্ঠানে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ও তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বক্তব্য দেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।