logo

ঝগড়া থামাতে গিয়ে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

ঝগড়া থামাতে গিয়ে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
গাজীপুরের কাশিমপুর থানা। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরে পথচারীদের সঙ্গে ঝগড়া থামাতে গিয়ে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফেজ আহমেদ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মুরাদ হোসেন ও আশরাফ আলী নামে আরও দুইজন আহত হয়ে কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি আছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গাজী রাফেজ আহমেদ খুলনার দাকোপ থানার বাঁশখালী গ্রামের গাজী খোরশেদ আলমের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরি করতেন।

অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমানকে পুলিশ আটক করেছে। আতাউর রহমান গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ফলগাছা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, রাফিজ একটি দোকানে ঝালমুড়ি খাচ্ছিলেন। পাশে আরেকটি দোকানের ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমান কয়েকজন পথচারীর সঙ্গে বাগবিতণ্ডা ও চিৎকার চেঁচামেচি করছিলেন। রাফিজ সেখানে গিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমান নিজের কাছে থাকা ছুরি দিয়ে উপস্থিত আরও দুজনসহ রাফিজের ওপর হামলা চালান।

রাফিজের পেটের ডানপাশে গভীর ছুরিকাঘাত লাগলে তিনি গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাফেজের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মহানগর কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক আহমেদ জানান, অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একটি হত্যা মামলা রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।