logo

পুলিশ বাহিনীকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম

পুলিশ বাহিনীকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম

শহীদ ওসমান হাদির হত্যার বিচার ও পুলিশকে লীগমুক্ত করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাট শহরের খানজাহান আলী মাজার মোড় এলাকায় রাজধানীতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার প্রতিবাদে এক মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এই দাবি জানান।

সাদিক কায়েম বলেন, যারা শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ অবস্থানে হামলা করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। সেই সঙ্গে পুলিশের মধ্যে পুলিশ লীগের যেসব সদস্য আছে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। সেই সঙ্গে পুলিশকে লীগমুক্ত করতে হবে। শহীদ ওসমান হাদিসহ সব শহীদের হত্যাকারীর বিচারের দাবি জানাই।’

বাগেরহাটে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানানা তিনি।

সাদিক কায়েম বলেন, স্বাধীনতার পর আমরা অনেক এমপি বানিয়েছি, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। তারা আমাদের প্রতারিত করেছে। আমরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই।

বাগেরহাট-২ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ মঞ্জুরুল হক রাহাদ বিজয়ী হলে শাসক হবেন না। বাগেরহাটবাসীর সেবক হবেন। বাগেরহাটের যেকোনো সমস্যায় আপনারা তাকে পাশে পাবেন।

গণভোট প্রসঙ্গে ডাকসু ভিপি বলেন, গণভোটে হ্যাঁ দেওয়া মানে আজাদি। এই দেশকে শোষণমুক্ত দেশ হিসেবে গড়তে সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মঞ্জুরুল হক রাহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য বিল্লাল হোসেন অপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাগেরহাট শাখার আহ্বায়ক এস এম সাদ্দাম হোসেন, জামায়াতে ইসলামী বাগেরহাট শাখার সেক্রেটারি মো. ইউনুস শেখসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।