ঈদের দিন গলায় মাংস আটকে দুইজনের মৃত্যু

ঈদুল আজহার প্রথম দিন কোরবানি করা পশুর রান্না মাংস খেয়ে দুই জেলায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এশিয়া পোস্টের জেলা প্রতিবেদকদের পাঠানো তথ্য থেকে জানা যায়, বৃহস্পতিবার (২৮ মে) সকাল ও বিকেলে চুয়াডাঙ্গা ও জামালপুরে এসব ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
জেলায় দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায় বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাওয়ার সময় গলায় মাংস আটকে যায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আঁখি আক্তারের। পরিবারের সদস্যরা তার গলা থেকে আটকে যাওয়া মাংস বের করার চেষ্টা করেন। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
জামালপুরে কিশোরের মৃত্যু
জেলার ইসলামপুর উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় বৃহস্পতিবার বিকেলে পরিবারের সঙ্গে কোরবানির মাংস খাওয়ার সময় গলায় মাংস আটকে যায় মো. ইয়াসিন নামে ১৪ বছরের এক কিশোরের।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের ঈদুল আজহা উপলক্ষে দুপুরে কোরবানি দেওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাচ্ছিল ইয়াসিন। হঠাৎ তার গলায় গরুর মাংস আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।



