logo

‘আপনারা জেনে খুশি হবেন প্রধানমন্ত্রী আসার চেষ্টা করেছিলেন’

‘আপনারা জেনে খুশি হবেন প্রধানমন্ত্রী আসার চেষ্টা করেছিলেন’

বরিশালের চরমোনাই বার্ষিক মাহফিলে অংশ নিয়ে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, ‘আপনারা জেনে খুশি হবেন যে আজকে প্রধানমন্ত্রী আসার চেষ্টা করেছিলেন। কিন্তু বিভিন্ন বাধ্যবাধকতার কারণে তিনি আসতে পারেননি। আপনারা দোয়া করবেন আগামী চরমোনাই বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রী যেন আসতে পারেন, সেই সক্ষমতা যেন আল্লাহ তাকে দান করেন।’

বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বরিশালের চরমোনাই মাহফিলে অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চরমোনাই মাহফিলে অংশ নেওয়া মুসল্লিদের সালাম জানান হুইপ নুরুদ্দিন অপু।

জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, ‘আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী যেই চেয়ারে বসেন সেই চেয়ারের ওপরে এখন লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)। আপনারা দেখেছেন বর্তমান সংসদের স্পিকারের যে চেয়ার ছিল, আগে ছিল কয়েকজনের ছবি- এখন সেখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)।’

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী আপনাদের সবার কাছে, চরমোনাই হুজুরের কাছে দোয়া চেয়েছেন। আপনারা দেখেছেন কয়েকদিন আগে ইসলাম প্রিয় ও দ্বীন প্রিয় বন্ধু তারেক রহমান সাহেব বাংলাদেশের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য সম্মানি ভাতা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছেন। আমাদের হুজুর ফয়জুল করীম সাহেবের হাত দিয়ে সকল মসজিদের ইমাম, খাতিম ও মুয়াজ্জিনদেরকে সেই সম্মানি ভাতা তিনি প্রদান করেছেন।’

অপু বলেন, ‘আমাদের প্রিয় হুজুর ফয়জুল করীম সাহেব ও রেজাউল করীম সাহেবের পরামর্শে আগামী দিনে সকল আলেম-ওলামাদেরকে নিয়ে সকল ইসলাম প্রেমিক, দ্বীন প্রেমিক, সকল মাদ্রাসা প্রেমিক, আল্লাহ প্রেমিক সকলকে নিয়ে যেন শান্তিময় বাংলাদেশ তৈরি করতে পারে সেজন্য সবার কাছে প্রধানমন্ত্রী দোয়া চেয়েছেন।’

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘আপনাদের কাছে জাতীয় সংসদের স্পিকার, বরিশালের সন্তান হাফিজ উদ্দিন সাহেবে দোয়া চেয়েছেন। কয়েকদিন আগে তার স্ত্রী মারা গেছেন, তার স্ত্রীর জন্যও দোয়া করবেন। আপনাদের বরিশালের সন্তান জাতীয় সংসদের চিফ হুইপ নুর ইসলাম মনি দোয়া চেয়েছেন। বরিশাল সদরের সাংসদ মজিবর রহমান সরোয়ারসহ অনেকেই আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আপনারা সবার জন্য দোয়া করবেন।

তিনি বলেন, ‘আজকের এই ময়দান থেকে যে ঈমানি জজবা নিয়ে গেলেন, বাড়িতে আপনারা এর চর্চা করবেন। আমি যেন করতে পারি, আপনারা যেন করতে পারেন- আল্লাহতালা সবাইকে কবুল করেন। আজকে এই চরমোনাই মাহফিলে যে ঈমানের জজবা দেখে গেলাম আল্লাহ যেন সেই জজবা আমাদের সকলের অন্তরে দান করেন।’

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিমানযোগে বরিশালে পৌঁছান সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। পথে মাগরিবের নামাজ আদায় করে চরমোনাই মাহফিলে অংশগ্রহণ করেন তিনি।

এ সময় তার সাথে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজন ও বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন। বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতারা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। হুইপ রাতেই বরিশাল ত্যাগ করেন।