চট্টগ্রামে প্রধান ঈদ জামাত সকাল ৮টায়

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
চট্টগ্রামে প্রধান ঈদ জামাত সকাল ৮টায়
প্রতীকী ছবি

কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি এবং জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবারের ঈদুল আযহার প্রধান ঈদ জামাত চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। শনিবার (২৩ মে) চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কমিটির এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয়, এবারের প্রধান ঈদ জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে এবং এতে ইমামতি করবেন বায়তুশ শরফ আদর্শ সিনিয়র কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান। এ ছাড়া বিকল্প ইমাম হিসেবে মুফতি মুহাম্মদ নুরুন্নবীকে রাখার সিদ্ধান্ত হয়েছে।

পাশাপাশি কমিটির আওতাভুক্ত নগরীর অপর ৯৪টি আঞ্চলিক ঈদগাহে ঈদুল আযহার নামাজের সময়সূচি এবং ইমামের দায়িত্ব আগের মতো স্থানীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে নির্ধারিত হবে। সভায় ঈদুল ফিতরের আয়-ব্যয় হিসাব পেশ করেন কমিটির ট্রেজারার। উপস্থিত সকলের সম্মতিক্রমে সভাপতি এই হিসাব অনুমোদন করেন।

কমিটির সেক্রেটারি জেনারেল সালেহ আহমেদ সুলেমান স্বাগত বক্তব্য ও বার্ষিক প্রতিবেদন পেশ করেন। তিনি বলেন, আসন্ন ঈদুল আযহার নামাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি।

জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে ঈদের নামাজের প্যান্ডেল, ত্রিপল ও ফ্যানসহ অন্যান্য সুন্দর ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়ায় কমিটির সভাপতি জেলা প্রশাসক এবং জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) পাঠান মো. সাইদুজ্জামান।