সিলেট বৈষম্যের শিকার, মানতে নারাজ বাণিজ্যমন্ত্রী

সিলেট বৈষম্যের শিকার–এই কথা পুরোপুরি সমর্থন করেন না জানিয়ে শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সিলেটের যে কারও হাতে মাইক্রোফোন দিলে প্রথমে যে কথাটি উচ্চারিত হয়, তা হলো–সিলেট বৈষম্যের শিকার। তবে সিলেট বিষম্যের শিকার, এই কথা আমি পুরোপুরি সমর্থন করি না।
শনিবার (২ মে) দুপুরে সিলেট নগরভবনে আয়োজিত সুধি সমাবেশে তিনি এসব কথা বলেন। সিলেট সিটি করপোরেশন আয়োজিত এই সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাণিজ্যমন্ত্রী বলেন, এই আসনের এমপি ছিলেন সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান। বলা হয়ে থাকে, অন্য অঞ্চলের বরাদ্ধ কেটে এনে সাইফুর রহমান সিলেটের উন্নয়ন করেছেন। এরপর সিলেটে দুজন মন্ত্রী ছিলেন। তারা কি করেছেন? তাই বৈষম্যের শিকার নাকি, ওই মন্ত্রীদের পারফরম্যান্সের সমস্যা–তা ভাবা দরকার।
তিনি আরও বলেন, সিলেটের মূল সমস্যা হলো কর্মসংস্থান। সবার লক্ষ্য থাকে দেশ ছেড়ে চলে যাওয়া। আমরা সিলেটে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমরা সিলেটে প্রবাসী ও দেশি বিনিয়োগ নিয়ে আসব। এই সরকারের আমলে সিলেট একটি ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠবে। আইটি উদ্যেক্তাদের জন্য সরকার সহায়তা করবে। সিলেটে উৎপাদিত পণ্য পরিবহনে সহায়তা করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সিলেটের যোগাযোগ, স্বাস্থ্য ও কর্মসংস্থানে তার সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করেন।