বরিশালে যুবলীগের আনন্দ মিছিল, পুলিশ বলল ‘মাঠে আছি’

আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরে আনন্দ মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এদিকে মিছিলের বিষয়ে জানতে চাইলে পুলিশ বলেছে, ‘আমরা মাঠে আছি।’
সোমবার (৯ নভেম্বর) সকালে বাংলাবাজার এলাকায় মিছিলটি বের করা হয়। এতে অংশগ্রহণকারীরা ‘আইতেছে, আইতেছে, শেখ হাসিনা আইতেছে’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলের ব্যানারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ছবি দেখা যায়।
মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা সবাই জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের অনুসারী বলে জানা গেছে।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আমরা মাঠে আছি। পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

