কুষ্টিয়া সুগার মিল নিয়ে আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়া সুগার মিল নিয়ে জাতীয় সংসদে দেওয়া স্থানীয় সংসদ সদস্য মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেলে কুষ্টিয়া সুগার মিল চালুকরণ ও ইক্ষু রোপণ পরিষদের ব্যানারে মিলের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২৬ এপ্রিল জাতীয় সংসদে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা সুগার মিলের জমি লিজ দেওয়ার যে বক্তব্য দিয়েছেন, তা স্থানীয় জনস্বার্থ ও মিলের ঐতিহ্যের পরিপন্থি। কুষ্টিয়ার অর্থনীতির প্রাণকেন্দ্র এই মিলটি বেসরকারিকরণের যেকোনো চক্রান্ত কঠোরভাবে প্রতিহত করা হবে।
আখচাষি ছাবের মেম্বার বলেন, দীর্ঘ দিন ধরে মিলটি বন্ধ থাকায় হাজার-হাজার শ্রমিক ও চাষি মানবেতর জীবনযাপন করছেন। লোকসানের অজুহাতে মিলটি বন্ধ রাখা হলেও এখন জমি দখলের পাঁয়তারা চলছে।
কুষ্টিয়া সুগার মিল শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিথুন বলেন, সংসদে দাঁড়িয়ে ৭০০ একর জমি নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে, তার প্রতিবাদ জানাতেই আজকের এই বিশাল জমায়েত। মিলটি অবিলম্বে চালু করা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
কুষ্টিয়া সুগার মিল চালুকরণ ও ইক্ষু রোপণ পরিষদের আহ্বায়ক আব্দুল মাজেদ বলেন, আমরা চাই নতুন করে আখ সংগ্রহ করে মিলটি দ্রুত চালু করা হোক। শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু এমপি সাহেব জমি বিদেশিদের হাতে তুলে দেওয়ার কথা বলছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকীর হোসেন সরকার বলেন, যখন নতুন বীজের মাধ্যমে আগামী সিজনে মিলটি চালুর সম্ভাবনা তৈরি হয়েছে, ঠিক তখনই সংসদ সদস্য এমপি আমির হামজা স্বৈরাচারদের সুরে জমি ভাগ-বাঁটোয়ারার সুর মেলাচ্ছেন। এমন জনবিরোধী সিদ্ধান্ত থেকে সরে না আসলে কুষ্টিয়ার মানুষ চুপ করে বসে থাকবে না।