নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নোয়াখালী-২ ও নোয়াখালী-৩ আসনের এক সংসদ সদস্য প্রার্থীসহ চারজনকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। গত ২২ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত পৃথক ঘটনায় তাদের এই শোকজ করা হয়।
জানা গেছে, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী মোহাম্মদ মফিজ উল্যাহর সমর্থক এবং কাবিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমিনুল্লাকে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে শোকজ করা হয়েছে। নির্বাচনি অনুসন্ধান কমিটি তার কাছে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা তলব করেছে।
এছাড়া নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তিনজনকে শোকজ করা হয়েছে। তারা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. বোরহান উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস ও বেগমগঞ্জের মহেশপুর এলাকার মজিবুল হকের ছেলে আব্দুর রব।
নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের নির্দিষ্ট সময়ের মধ্যে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।