logo

নড়াইল/বিকট শব্দে কেঁপে উঠল বসতঘর, মিলল বিস্ফোরকের আলামত

বিকট শব্দে কেঁপে উঠল বসতঘর, মিলল বিস্ফোরকের আলামত
নড়াইলের কালিয়া পৌরসভার সিতারামপুর গ্রামে ছবুরোন নেসার বসতঘরে বিকট শব্দে বিস্ফোরণের পর ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছবি : এশিয়া পোস্ট

নড়াইলের কালিয়া পৌরসভার সিতারামপুর গ্রামে একটি বসতঘরে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সিতারামপুর গ্রামের বাসিন্দা ছবুরোন নেসার বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে হঠাৎ ওই বসতঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলীসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাড়িটি পরিদর্শন করেন। পরে বিস্ফোরণের স্থান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়।

পুলিশ জানায়, বিস্ফোরণের পর বসতঘরের একটি কক্ষ থেকে বিস্ফোরকদ্রব্যের বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। তবে সেগুলো কী ধরনের বোমা বা বিস্ফোরকদ্রব্য, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আলামত পরীক্ষার প্রস্তুতি চলছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এটি কী ধরনের বিস্ফোরকদ্রব্য ছিল, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।