ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

সিলেটের গোয়াইনঘাটে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুদ্দীন নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রোববার (৭ জুন) রাতে তাকে আটক করা হয়। এর আগে রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটক নুরুদ্দীন ওই এলাকার মৃত সফর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন নুরুদ্দীন (৬৮)। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নুরুদ্দীনকে আটক করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
ওসি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
