ঘরে ঢোকা বানের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ঘরে ভেতর জমে থাকা পানিতে ডুবে মোহাম্মদ ওয়াকিম নামে আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজকাকারা গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে স্থানীয় সোলতান আহমদের ঘরের ভেতরে পানি ঢুকে জমে থাকে। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা খাটের ওপর অবস্থান করছিলেন। সবার অজান্তে সোলতান আহমদের সন্তান ওয়াকিম খাট থেকে নিচে পড়ে যায়।
রান্নার কাজ শেষ করে কিছুক্ষণ পর মা পারভীন আক্তার ছেলেকে খুঁজতে গিয়ে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির এক কোণে জমে থাকা পানিতে ওয়াকিমকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। স্থানীয় লোকজন শিশুটিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন বলেন, পরিবারের সদস্যদের অগোচরে খাট থেকে পড়ে বানের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তিনি অবগত হয়েছেন। খোঁজখবর নেওয়া হচ্ছে।





